এনসিটিএফ’র বিতর্ক ও কুইজ উভয় ইভেন্টেই চ্যাম্পিয়ন পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ
বিশ্ব শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স ( NCTF) আয়োজিত জেলা পর্যায়ের আন্তঃস্কুল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। পাবনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের বিতর্ক দল, বিতর্ক পর্বে সমসাময়িক শিশু অধিকার, নিরাপদ শৈশব ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক যুক্তি-তর্কের জমজমাট লড়াইয়ে বিচারকদের সুচিন্তিত রায়ে প্রথম স্থান অর্জন করে। বিতর্ক দলের সদস্যরা ছিল-সপ্তম শ্রেণির তাজকিয়াতুন মাইশা (১ম বক্তা), নবম শ্রেণির ইসরাত জাহান ইমা (২য় বক্তা) এবং সপ্তম শ্রেণির নুশরাত জাহান (৩য় বক্তা)। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় অত্র প্রতিষ্ঠানের বিতার্কিক নুশরাত জাহান। অন্যদিকে শিশু অধিকার আইন, শিশু সনদ, সাধারণ জ্ঞান ও ইতিহাসের উপর ভিত্তি করে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান লাভ করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাজকিয়াতুন মাইশা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও সনদ তুলে দেন পাবনা সদর উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব তামারা তাসবিহা। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
